নওগাঁয় বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:১৮ এএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদদাতাঃ
নওগাঁর পোরশা উপজেলায় বিষধর সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পশ্চিম হরিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম ওই গ্রামের মমতাজ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে নিজ শয়ন ঘরে থাকা অবস্থায় রাকিবুল ইসলামকে একটি বিষধর সাপ কামড় দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার আরও অবনতি হলে পরে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল ইসলামের মৃত্যু হয়।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মোসা. নাসিমা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি বলেন, “সাপ কামড়ালে কোনোভাবেই ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসতে হবে। সময়মতো চিকিৎসা পেলে অনেক ক্ষেত্রেই রোগীর জীবন রক্ষা করা সম্ভব।”