হ/ত্যা নাকি আ/ত্ম/হ/ত্যা?

গাছকাটা শ্রমিকের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম

মামুন মিঞা, ফরিদপুর :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার গোয়ালপুতা গ্রামে ফারুক মাতুব্বর (৩০) নামে এক গাছকাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারুক মাতুব্বর গোয়ালপুতা গ্রামের মো. মজনু মাতুব্বরের ছেলে। তিনি পেশায় গাছকাটা শ্রমিক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফারুক নিজ ঘরে অবস্থান করছিলেন। সকালে তাঁর বাবা মজনু মাতুব্বর ছেলের ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আবার গিয়ে ঘরের ভেতরে চালের রুয়ার সঙ্গে গাছ কাটার কাজে ব্যবহৃত রশিতে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, ফারুক গাছ কাটার কাজে ব্যবহৃত রশি দিয়েই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার আগের রাতে তাঁর বাবা খাবার দিয়ে গেলেও তিনি তা খাননি।

নিহতের স্ত্রী সুমি আক্তার (২৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ের পর তাঁদের বিয়ে হয়। প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে সুমি তাঁদের দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই ফারুক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি।

নিহতের ভাবি রুমা আক্তার বলেন, “প্রায় দুই মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর সুমি সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকেই ফারুক খুব চুপচাপ থাকতেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।”

তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবার বা স্থানীয় কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। পুলিশও বিষয়টি তদন্ত করে দেখছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সানদানী আজাদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় গোয়ালপুতা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com