গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন: নিপুন রায় চৌধুরী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ:

ঝিনাইদহে বৃক্ষরোপণ, চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে দেশের এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেশকে পুনর্গঠন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিপুন রায় চৌধুরী বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।

তিনি ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুমার খুতবা ও ধর্মীয় আলোচনা কিংবা মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে মানুষকে সচেতন করতে হবে। ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকা সমাজে মাদকবিরোধী জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, শুধু সচেতনতা বৃদ্ধি করলেই হবে না, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বেকারত্ব কমানো গেলে মাদকের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতাও কমবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ সৃষ্টি ও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ যুবসমাজকে সুস্থ বিনোদনের দিকে নিয়ে যাবে।

পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নিপুন রায় বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বিস্তৃত করতে হবে। শুধু গাছের চারা বিতরণ নয়, নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান এবং অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে অনুষ্ঠানে যোগ দিয়ে নিপুন রায় চৌধুরী জেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন এবং ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com