রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:৫২ এএম
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা:
সংগঠনটির উদ্যোগে বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ ও ১৭ জুলাই) উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়েছে।
মানবিক এ কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ জানান দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সংগঠনের সদস্যরা নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আর্থিক ও শারীরিক সহযোগিতা প্রদান করেন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট রাঙ্গুনিয়া এবং আদর্শ গ্রাম যুব একতা ক্লাবের সদস্যরা। স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবচার চৌধুরী, রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ, সহ-পাঠাগার সম্পাদক মো. শহিদুল্লাহ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া সেলিম, সদস্য মো. জুয়েল, মুছাম্মৎ মায়া, যুব রেড ক্রিসেন্টের সদস্য ওমর ফারুক, আদর্শ গ্রাম আল বারাকা যুব সংঘের সংগঠনের সভাপতি মোহাম্মদ আকবরসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সভাপতি সাইয়িদ তালুকদার জানান ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। সংগঠনটি সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।