ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

 

মনসুর আহাম্মেদ 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব। মঙ্গলবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার দিবাগত শেষ রাতে জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন পূর্বপারপুগী গ্রামের মো. কোরবান আলী (৪১) ও তাঁর স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৭)। অভিযানকালে তাঁদের আধাপাকা বসতঘর তল্লাশি করে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ ও ১৩ বোতল এমকেডিলসহ মোট ৩৫৩ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়েছে।

 

র‌্যাব-১৩’র দিনাজপুর ক্যাম্প (সিপিসি-১) সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে ওই গ্রামের কোরবান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। ঘরে মজুদ রাখা এসব মাদক উদ্ধার করার পর ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক এনে রেখে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

 

জানতে চাইলে র‌্যাব-১৩’র মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আলামতসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।'

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com