হাসপাতালের বেডে শিশুকে ধ/র্ষ/ণ/চেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম

সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড় :

পঞ্চগড়, ২১ জুলাই ২০২৬: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একই ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই ভোররাতে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ঘটনাটি ঘটে। অসুস্থ নানাকে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে এসে শিশুটি সেদিন রাতে ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে ছিল।

অভিযোগ অনুযায়ী, একই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন মো. মতিয়ার রহমান (৫৭) শিশুটির নানীকে জানান, মেঝেতে ঘুমালে শিশুটির কষ্ট হবে। তার কথায় বিশ্বাস করে নানী নাতনিকে ওই বেডে ঘুমাতে দেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ভোররাত আনুমানিক ৪টার দিকে শিশুটির চিৎকারে ওয়ার্ডে থাকা অন্যদের ঘুম ভেঙে যায়। পরে শিশুটি কান্নাকাটি করে স্বজনদের জানায়, অভিযুক্ত তার সঙ্গে ধর্ষণের চেষ্টা করেছেন। বিষয়টি জানার পরপরই স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ বলেন, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এমন একটি ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। পরে জানতে পেরেছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com