নওগাঁয় এক বৃষ্টির রাতেই নিঃস্ব সুলতান মাহমুদ, ফাঁকা দোকানে বসে শুধু দীর্ঘশ্বাস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:২০ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদ দাতাঃ 

নওগাঁ সদর উপজেলার বাবলাতলি মোড়ে ছোট্ট মুদি দোকান। একসময় ছোট্ট সেই মুদি দোকানটি সারি সারি বিস্কুট, চকলেট চিপস আর নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভরে থাকত তাকগুলো আজ সেখানে নেমে এসেছে নীরবতা।

খালি চকোলেটের বয়েম আর কয়েক বোতল জ্বালানি তেল (পেট্রোল) যেন সাক্ষী হয়ে আছে এক অসহায় মানুষের ভেঙে পড়া স্বপ্নের।

দোকানটির মালিক ৬৫ বছর বয়সী সুলতান মাহমুদ। গত ০৯ জুলাই বৃষ্টি ভেজা রাতে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে একে একে সব মালামাল লুট করে নিয়ে যায়। ভোরে দোকান খুলে ফাঁকা তাক আর এলোমেলো দোকান দেখে নির্বাক হয়ে যান তিনি।

চুরির সেই ক্ষতি আজও কাটিয়ে উঠতে পারেননি সুলতান মাহমুদ। নতুন করে দোকানে মালামাল তোলার মতো পুঁজি নেই। প্রতিদিন দোকানের সামনে বসে থাকেন, কিন্তু ক্রেতাদের চাহিদা পূরণ করার মতো কিছুই নেই। অনেকেই এসে খালি হাতে ফিরে যান। আর তিনি তাকিয়ে থাকেন শূন্য তাকগুলোর দিকে।

 

তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—এত বড় ক্ষতির পরও কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। চোখে কষ্টের ছাপ থাকলেও কণ্ঠে নেই প্রতিশোধের ভাষা। শুধু আকাশের দিকে তাকিয়ে তিনি বলেন,

“এর বিচার আল্লাহ করবেন। আমার তো ভাগ্য কেউ কেড়ে নিয়ে যেতে পারেনি। মানুষ মালামাল নিতে পারে, কিন্তু আমার বিশ্বাস আর পরিশ্রম কেড়ে নিতে পারবে না।”

 

জানা গেছে, সুলতান মাহমুদ একজন সৎ ও ভালো ব্যক্তি, তিনি একসময় বলিহার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউ,পি সদস্যও ছিলেন।

 

একটি বৃষ্টির রাত শুধু একটি দোকানের মালামালই চুরি করেনি, কেড়ে নিয়েছে এক বৃদ্ধ মানুষের বহু বছরের কষ্টে গড়া স্বপ্ন। তবুও তিনি বিশ্বাস হারাননি। এখনও প্রতিদিন দোকানের দরজা খুলে বসেন—হয়তো কোনো একদিন আবারও তাকগুলো ভরে উঠবে, আর ফিরে আসবে সেই পুরোনো দিনের হাসি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com