হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

জহুরুল ইসলাম জীবন, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কারিগাঁও মাঠের রাস্তার দুই ধারে ১ হাজার ৮৪৪টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) কারিগাঁও মাঠ এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বরাদ্দ পাওয়া যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মো করিমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আলম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি রোপণকৃত গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় কারিগাঁও মাঠের রাস্তার দুই ধারে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ১ হাজার ৮৪৪টি গাছের চারা রোপণ করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com