সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরি ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান, ২৯,৫০০ টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

সাতক্ষীরা সংবাদদাতা:

​সাতক্ষীরায় ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এবং কলারোয়া উপজেলার হেলাতলা বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল আইসক্রিম তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

​অভিযান সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে অবস্থিত 'আসাদ স্টোর' নামের একটি কনফেকশনারিতে লেবেলবিহীন খাদ্যপণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের প্রমাণ মেলে। এ অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: আজিজুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এছাড়া কলারোয়া উপজেলার হেলাতলা বাজারে অবস্থিত 'ভাই ভাই আইসক্রিম মিল' নামের অপর একটি প্রতিষ্ঠানে নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের সত্যতা পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানটিকে একই আইনের ৩৭ ও ৫০ ধারা অনুযায়ী সাতাশ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে পরিচালিত এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস টিম এবং 'কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' (ক্যাব)-এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল অভিযানে অংশ নেন। জনস্বার্থে ভোক্তাদের অধিকার রক্ষা এবং সুসংহত বাজারব্যবস্থা বজায় রাখতে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com