প্রশাসনের নাকের ডগায় অবৈধ ড্রেজার, হুমকিতে সড়ক-জমি-কবরস্থান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর:

‎রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখের সামনেই অবাধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। অনুমোদন ছাড়াই ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে খাল, পুকুর ও নদীসংলগ্ন এলাকা থেকে বালু তোলায় হুমকির মুখে পড়েছে গ্রামীণ সড়ক, কৃষিজমি ও একটি পুরোনো কবরস্থান। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রতিবাদ করেও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা যাচ্ছে না। এতে এলাকায় সংঘাতের আশঙ্কাও তৈরি হয়েছে।

‎স্থানীয় সূত্র জানায়, উপজেলার ৮ নম্বর কান্দি ইউনিয়নের মাঝিপাড়া ব্রিজের দক্ষিণ পাশে গড়ে উঠেছে একটি প্রভাবশালী বালু উত্তোলন চক্র। এছাড়া তিস্তা নদীসংলগ্ন ছাওলা, অন্নদানগর ও কৈকুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও চলছে একই কার্যক্রম। নদী, খাল ও পুকুর খননের আড়ালে দিন-রাত ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে ধসে পড়ছে গ্রামীণ সড়ক, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি এবং ভাঙনের কবলে পড়েছে একটি প্রাচীন কবরস্থান।

‎এলাকাবাসীর অভিযোগ, ড্রেজারের বিরুদ্ধে আপত্তি জানালে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হলেও কয়েক ঘণ্টা পরই আবারও পুরোদমে বালু উত্তোলন শুরু হয়। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় পরিচালিত এই সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক কান্দি এলাকার এক প্রবীণ কৃষক বলেন, “রাস্তার একেবারে পাশ ঘেঁষে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে রাস্তা ধসে যাচ্ছে, কবরস্থানের অংশ ভেঙে পড়ছে। আমরা প্রতিবাদ করলে উল্টো নানা ধরনের হুমকির মুখে পড়তে হয়।"

‎স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের অভাবেই অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এর ফলে শুধু কৃষিজমি ও বসতবাড়িই নয়, সরকারি অবকাঠামোও মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

‎এ বিষয়ে পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার তারেক তাহসিন বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। অভিযোগ তদন্ত করে অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎তবে স্থানীয়দের দাবি, তদন্তের আশ্বাসে নয়, অবিলম্বে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার জব্দ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে গ্রামীণ সড়ক, কৃষিজমি ও কবরস্থানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com