শ্রীপুরে পুকুরে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৪ পিএম

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:

গাজীপুরের শ্রীপুরে  বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাদ আদি (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

 

ইয়াসিন আরাফাদ আদি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা। তিনি জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। তার বাবা ডা. সাইফুল ইসলাম শ্রীপুরের চন্নাপাড়া এলাকায় ফারুক টাওয়ারসংলগ্ন একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন এবং সেখানে একটি ফার্মেসি পরিচালনা করেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে  বন্ধুদের সাথে চন্নাপাড়া স্কুল মাঠে ফুটবল খেলেন। খেলা শেষে তারা দলবেঁধে স্কুলের পেছনের একটি পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সবাই উঠে এলেও আদি ও তার আরেক বন্ধু পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় এক বাসিন্দার সহায়তায় অপর বন্ধু নিরাপদে উঠে এলেও আদি নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।

 

সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে যোগ দেওয়ার আগেই দীর্ঘ চেষ্টার পর বিকেল পৌনে ৩ টার দিকে আদিকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা শিমুল বলেন, সবাই মিলে গোসল করতে নেমেছিল। হঠাৎ দুইজন তলিয়ে যায়। একজনকে বাঁচানো গেলেও আদিকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

 

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম জানান, দুপুর ১টা ৪০ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে আদিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

 

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য ইদ্রিস বলেন, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। গাজীপুরে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও মাওনা ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় কিশোরটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।"

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com