জাবিতে হায়ার স্টাডি ক্লাবের আয়োজনে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক বিশেষ সেমিনার আগামীকাল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:১৭ এএম

ইশতিয়াক হোসেন ফাহিম, জাবি সংবাদদাতা:

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বিশেষ আয়োজন ‘হায়ার স্টাডি ৩৬০°’।

 

আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আয়োজকরা জানান, দিনব্যাপী এই সম্মেলনে মেক্সট (MEXT), কমনওয়েলথ এবং স্টিপেন্ডিয়াম হাংগেরিকামসহ বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপ অর্জনের উপায়, আইইএলটিএস (IELTS) প্রস্তুতির কৌশল ও আবেদন প্রক্রিয়ার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

 

পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি থেকে সম্প্রতি পূর্ণাঙ্গ স্কলারশিপ (ফুল ফান্ডিং) নিয়ে বিদেশে পাড়ি জমানো শিক্ষার্থীরাও এতে বক্তব্য দেবেন এবং সরাসরি নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে পরামর্শ দেবেন।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকায় অবস্থিত ইউএস এম্ব্যাসির অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অফিসার ড. মারা বার্ড (Dr. Mara Bird) ও এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর মুহাম্মদ সোহেল ইকবাল।

 

এছাড়া আন্তর্জাতিক শিক্ষাসেবা সংস্থা ও আইইএলটিএসের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান ‘আইডিপি এডুকেশন’ থেকে যুক্ত থাকবেন সংস্থাটির আইইএলটিএস অ্যাডমিনিস্ট্রেটর কে এম বি জামান এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মারিয়া ফ্লোইন। 

 

আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত থাকার কথা রয়েছে।

উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই আয়োজনটি একটি কার্যকর ও সমন্বিত গাইডলাইন হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছে আয়োজক সংগঠনটি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com