খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:১২ পিএম

কলাপাড়া, পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে একটি সিআর মামলা দায়ের করা হয়েছে।

 

মোকাম কলাপাড়া উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সি.আর. মামলা নং-৭৬৪/২০২৬-এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম খোকন এবং আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৭৯, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

মামলার বাদী মো. মিজানুর রহমান টিটু আদালতে দাখিল করা অভিযোগে দাবি করেন, রজপাড়া মৌজার ৩৪ দশমিক ৭৬ একর জমি নিয়ে তাদের পরিবারের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে দেওয়ানি মামলা চলমান ছিল। তিনি অভিযোগ করেন, একাধিক আদালতের রায় এবং সর্বশেষ ২০২৫ সালে আপিল বিভাগে বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন খারিজ হওয়ার পর ওই জমির মালিকানা ও দখলের অধিকার তাদের পক্ষে বহাল থাকে।

 

অভিযোগে আরও বলা হয়, চলতি মৌসুমে রায়ের আলোকে ১৮ দশমিক ৯১ একর জমিতে চাষাবাদ করতে গেলে আসামিরা বাধা দেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত দিনে আইনজীবীর চেম্বার থেকে ফেরার পথে বাদী ও তার সঙ্গে থাকা কয়েকজনকে ঘিরে ধরে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হয় এবং বাদীর হাতে থাকা প্রায় ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

বাদীর দাবি, ঘটনার পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি ন্যায়বিচারের প্রত্যাশায় আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালতের কাছে তিনি আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

 

“এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com