সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:২৪ এএম
সঞ্জু বনিক সৌরভ,পঞ্চগড় :
পঞ্চগড়, ২৪ জুলাই ২০২৬:
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার পাশাপাশি একটি করে বৃক্ষ রোপণ করা উচিত। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য ছিল— “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নদী ও গাছ একে অপরের পরিপূরক। নদীর তীরবর্তী এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং নদী সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে। গাছ পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে, তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরও পড়ুন
আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফ/তার
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে হায়ার স্টাডি ক্লাবের ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিন0ব্যাপী সেমিনার আয়োজন
কলাপাড়ায় বৃদ্ধকে নির্যা/তন করে হ/ত্যার অভিযোগ, আসামিদের গ্রেফ/তারের দাবিতে মানববন্ধন