কলাপাড়ায় বৃদ্ধকে নির্যা/তন করে হ/ত্যার অভিযোগ, আসামিদের গ্রেফ/তারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০৭ এএম

কলাপাড়া, পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়ায় প্রকাশ্যে দিবালোকে শতশত মানুষের সামনে বৃদ্ধ হারিচ আহমেদ (৭০)-কে নির্মম নির্যাতনের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 

শুক্রবার দুপুরে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতশত নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচিতে নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেন, গত ১৯ জুলাই বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক চাষাবাদে বাধা দেওয়ায় স্থানীয় খলিল মিয়া, ছলেমান, রবিউল ইসলাম, মিজানুর ও ফেরদৌসের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল হারিচ আহমেদের হাত-পা বেঁধে মারধর করে এবং চাষের জমির কাদায় হাঁটু পর্যন্ত পুঁতে রাখে।

 

অভিযোগে আরও বলা হয়, তাকে উদ্ধার করতে গেলে পরিবারের নারী সদস্যদেরও মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় চৌকিদার ও আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।

 

গুরুতর আহত অবস্থায় হারিচ আহমেদকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আমতলী হাসপাতালে নেওয়া হয়। সেখানেও জ্ঞান না ফেরায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল ২১ জুলাই মহিপুর থানায় খলিল মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

তবে অভিযোগ রয়েছে, মামলার কয়েক দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, **"এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।"**

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com