বদলগাছীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি, কর্মহীন নারীদের সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদ দাতাঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেকও প্রদান করা হয়।

শনিবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। তিনি জানান, বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে ২৫০ জন মাদকসেবী ও কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৫ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া প্রাথমিক স্তরের ১২৬ জন, মাধ্যমিক স্তরের ৭৬ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থীকে মাথাপিছু ৩ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। একই সঙ্গে ২৫ জন কর্মহীন নারীর মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক ১৮ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে বিতরণ করা হয়। প্রত্যেকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার অনুদান পান।

শেষে অনুষ্ঠানের সভাপতি ইউএনও ইশরাত জাহান ছনি সমাপনী বক্তব্যে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com