উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম
কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম মোবারক আলী হাওলাদারের ওয়ারিশদের মধ্যে দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওয়ারিশরা।
শনিবার কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. আবু তালেব ইভান মাতুব্বর।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, রজপাড়া মৌজার ৩৪ দশমিক ৭৬ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর নিম্ন আদালত, হাইকোর্ট এবং সর্বশেষ আপিল বিভাগে তাদের পক্ষে রায় বহাল রয়েছে। তাদের দাবি, আদালতের রায়ের ভিত্তিতে ১৮ দশমিক ৯১ একর জমির মালিকানা ও দখল তাদের অনুকূলে নিশ্চিত হয়েছে এবং তারা বর্তমানে ওই জমি ভোগদখল করছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সব আদালতে পরাজিত হওয়ার পরও খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের রায় গোপন করে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে হাইকোর্ট থেকে স্থিতাবস্থা (স্টে) আদেশ ও রুল জারি হয়েছে বলেও দাবি করা হয়।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে আদালতের রায় গোপন, বিভ্রান্তিকর তথ্য প্রচার, হয়রানির চেষ্টা এবং অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের প্রায় ৬৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে উত্তোলনের অভিযোগও তোলা হয়।
সংবাদ সম্মেলনে ওয়ারিশরা দাবি করেন, আদালতের রায় অনুযায়ী তাদের ভূমির অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তারা গণমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান।