মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:৫৮ এএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৫ জুলাই) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে ৫৫/এমপি সীমান্ত পিলারের গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন মহিলাকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামন্তা বিওপির টহল দল বিষয়টি শনাক্ত করে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দায়িত্বশীলভাবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে।