পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া শ্রমিককে উদ্ধার করল ফায়ার সার্ভিস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড়, ২৬ জুলাই: পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের শতরং পাড়া গ্রামে প্রায় ৫০ ফুট উঁচু একটি গাছে কাজ করার সময় আজিজুল হক (৫০) নামে এক ব্যক্তি বিপদে পড়েন। গাছ কাটার একপর্যায়ে তার হাত গাছের ফাঁকে আটকে গেলে তিনি গাছের ওপরেই আটকে থাকেন।
রবিবার (২৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে পঞ্চগড় ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
সতর্কতা ও দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আজিজুল হকের হাত গাছের ফাঁদ থেকে মুক্ত করেন এবং নিরাপদে নিচে নামিয়ে আনেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর আহত ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।