জলাবদ্ধতা নিরসনে ঘের মালিকদের তিন দিনের আল্টিমেটাম চেয়ারম্যান আব্দুল আলিমের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম

শেখ জোবায়ের আল জামান,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা, তালতলা ও কৈখালীসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকদের তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আলিম। 

 

শনিবার (২৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে মাগুরা পূর্বপাড়া জামে মসজিদের সামনে স্থানীয় জনপ্রতিনিধি, ঘের মালিক ও গ্রামবাসীদের অংশগ্রহণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, শৈলকুর বিলে প্রায় ১৫ জন মৎস্য ঘের ব্যবসায়ী অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে ঘের নির্মাণ করায় মাগুরা, তালতলা, কৈখালীসহ বিস্তীর্ণ এলাকার পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। টানা কয়েক দিনের বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন। 

 

তিনি বলেন, ঘের মালিকদের তিন দিনের মধ্যে বাঁধ কেটে প্রয়োজনীয় পাইপ বসিয়ে পানি চলাচলের ব্যবস্থা করতে হবে। অন্যথায় প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাঁধ অপসারণের উদ্যোগ নেওয়া হবে। 

 

চেয়ারম্যান আরও বলেন, জলাবদ্ধতার কারণে লাবসা ইউনিয়নের হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এ সংকট নিরসনে জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। 

 

জলাবদ্ধতা নিরসনের দাবিতে আয়োজিত ওই সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী আলতাফ হোসেন বাবু সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল, আলী হোসেন, আতিয়ার রহমান, আলিমুজ্জামান, যশোর আলী, কলেজ শিক্ষক এবিএম আব্দুল হাই, আব্দুস সামাদ, আব্দুল গফুর, পবিত্র ব্যানার্জী, কামরুজ্জামান, মঈনুল ইসলাম মঈন, রুহুল আমিন, শরিফুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সালমা খাতুন, সেলিনা খাতুন, শারমিন, নার্গিস, রুমাসহ মাগুরা, তালতলা, কৈখালী ও গোপীনাথপুর গ্রামের অসংখ্যা বাসিন্দা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com