মহিপুরে বৃদ্ধ হারিচ হত্যা মামলায় ইউপি সদস্য জসিমকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী):
কলাপাড়ার মহিপুরে আলোচিত হারিচ আহমেদ ওরফে মজিবুর হত্যা মামলায় ৯নং ধুলাসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় ৫নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে তাড়িকাটা দাখিল মাদরাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৫শতাধিক বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঘটনার সময় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত হারিচ আহমেদকে উদ্ধার এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অথচ তাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলার আসামি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি আহত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেছেন। সেই ব্যক্তিকেই মামলায় জড়ানো দুঃখজনক ও অন্যায়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সত্যতা উদঘাটন এবং জসিম উদ্দিন খন্দকারের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকারের স্ত্রী নাসিমা বেগম, ছেলে সোহেল খন্দকার, স্থানীয় জামাল শিকদার, শহিদুল ইসলামসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে নয়াকাটা গ্রামের হারিচ আহমেদ ওরফে মজিবুরের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ইতোমধ্যে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আরও পড়ুন
ঝালকাঠির কণ্ঠশিল্পী বাউল ছালমার একক গান শিগ্রই আসছে শ্রোতাদের মাঝে
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন