নওগাঁয় খাড়িতে গোসল করতে নেমে নবদম্পতির মৃ/ত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদদাতাঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়িতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কার্তিকাহার গ্রামের মো. শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গ্রামের একটি খাড়িতে গোসল করতে যান ওই দম্পতি। প্রথমে নুর ইসলাম পানিতে নামেন। কিছুক্ষণ পরও তাকে ভেসে উঠতে না দেখে স্ত্রী সুমাইয়াও তাকে উদ্ধারের উদ্দেশ্যে পানিতে ঝাঁপ দেন। একপর্যায়ে দুজনই পানির নিচে তলিয়ে যান।

পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, মরদেহ দুটি বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com