জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকর্মীদের ছাত্রদলে অন্তর্ভুক্তি নিয়ে বিরোধ থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে ছাত্রদলের একটি কর্মসূচিতে এ ঘটনার সূত্রপাত হয়। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মীকে অন্তর্ভুক্তি নিয়ে সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বিষয়টি মীমাংসা করতে ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার ঘটনাস্থলে যান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ঘটনাটি দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।

প্রথম দফার সংঘর্ষে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল জনি আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহিমের অভিযোগ, সদস্য সচিব মামুন সরকারের অনুসারী রাব্বি ও আরও কয়েকজন উপস্থিত থেকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালান। রাব্বি আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংবাদিকদের মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে তিন বছরের জন্য বহিষ্কৃত হয়েছিলেন।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার সকালে অগ্নিবীণা হলের ডাইনিংয়ে বহিষ্কৃত সেই শিক্ষার্থী রিজওয়ানুল করিম রাব্বী হামলার শিকার হন। তিনি ইইই বিভাগের শিক্ষার্থী। পরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রদল শাখার আহ্বায়ক হাবিব দাবি করেন, দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি ঠিক নয়। সিনিয়র-জুনিয়রদের একটি ছোট ইস্যু বড় আকার নিয়েছিল, যা তিনি ও সদস্য সচিব উপস্থিত থেকে সমাধান করে দিয়েছেন। ছাত্রলীগ-সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে সত্যতা মিললে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সদস্য সচিব মামুন সরকার বলেন, ঘটনাটি জুনিয়র-সিনিয়রদের মধ্যে ভুল-বোঝাবুঝি থেকে হয়েছিল, যা পরে দুই পক্ষ আলোচনায় বসে সমাধান করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে যায়। প্রশাসন ও ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com