মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মা/দক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ পিএম

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে দত্তনগর পুলিশ ক্যাম্পের সদস্যরা মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হান্নানের নেতৃত্বে ৪ নম্বর স্বরুপপুর ইউনিয়নের দত্তনগর বিএডিসি কার্যালয়ের পশ্চিম পাশের সড়কে অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কিরন মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের কন্টেইনার থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

গ্রেপ্তার কিরন মণ্ডলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোপালনগর গ্রামে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. হামিদুল ইসলামকে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে মহেশপুর থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com