স্বাস্থ্যসেবার সংকট নিরসনের ৫ দফা দাবি নিয়ে বান্দরবানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম

বান্দরবান সংবাদদাতা:

বান্দরবান সদর হাসপাতালের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূরীকরণ, ২৫০ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ‘বান্দরবান সচেতন ছাত্র সমাজ’।

 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বান্দরবান সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার চরম সংকট দীর্ঘদিন ধরে বিদ্যমান। একই সঙ্গে সাম্প্রতিক হাম পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও তালবাহানার তীব্র প্রতিবাদ জানানো হয়।

 

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে আইসিইউ না থাকা, সরকারি অ্যাম্বুলেন্সের সংকট এবং হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও তারা সতর্ক করেন।

 

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা তাদের দাবির সমর্থনে স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং জেলা প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করেন।

 

ছাত্রসমাজের ৫ দফা দাবি গুলো হলো

1. বান্দরবান ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে।

2. সদর হাসপাতালে অবিলম্বে আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপন করতে হবে।

3. আধুনিক সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে হবে।

4. হাম প্রতিরোধ, চিকিৎসা ও ব্যবস্থাপনায় সব ধরনের অবহেলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

5. পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য প্রয়োজনীয় জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পর্যাপ্ত ওষুধের সংস্থান নিশ্চিত করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

 

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com