মানবতার অনন্য নজির: তৃষ্ণার্ত সুনীল পেলেন জলের ধারা, ভাঙা ঘরে আশার আলো জাগালেন সেনাসদস্য শামসুজ্জামান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক, সঞ্জয় মজুমদার:

একসময় যাত্রা মঞ্চে রাজার মতো দরাজ কণ্ঠে হুকুম দিতেন তিনি, যার অভিনয়ে মুগ্ধ হতো হাজারো দর্শক। করতালি আর পুরস্কারে ভরে উঠত ঝুলিক। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে ১৫ বছর আগে এক ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেন মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের সেই যাত্রা শিল্পী সুনীল হালদার।

 

দুর্ঘটনার পর থমকে যায় সুনীলের জীবনের গতি, বন্ধ হয়ে যায় উপার্জনের পথ। তিন মেয়ের বিয়ে হয়ে গেলেও ঘরে রয়েছে একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে রবি হালদার (গুজি) ও তার পরিবার। চরম দারিদ্র্যের কষাঘাতে দিন পার করা এই পঙ্গু পরিবারের প্রতিদিনের সবচেয়ে বড় যুদ্ধ ছিল এক ফোঁটা সুপেয় পানির ব্যবস্থা করা। প্রতিবেশীর নলকূপ থেকে বহু কষ্টে মাটির পাত্রে পানি বয়ে এনে নান্দায় জমা রেখে তৃষ্ণা মেটাতেন তারা।

 

দূর-দূরান্ত থেকে হেঁটে পানি আনার এই অবর্ণনীয় কষ্ট চোখ এড়ায়নি একই গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য মোঃ শামসুজ্জামান-এর। ছুটিতে বাড়ি এসে নিজ গ্রামের অসহায় এই পরিবারের সুপেয় পানির তীব্র সংকট দেখে তিনি চুপ থাকতে পারেননি। কোনো সরকারি তহবিল বা অনুদানের অপেক্ষায় না থেকে, নিজের অর্জিত বেতনের টাকা জমিয়ে সুনীল হালদারের উঠোনে বসিয়ে দিয়েছেন একটি নতুন টিউবওয়েল (নলকূপ)।

 

সেনাসদস্য শামসুজ্জামানের এই উদ্যোগ শুধু একটি পরিবারের বছরের পর বছর ধরে চলা পানির কষ্টই দূর করেনি, বরং এলাকায় মানবিকতার এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি গ্রামের মেহনতি মানুষের বিপদে-আপদে এভাবে এগিয়ে আসায় সর্বমহলে প্রশংসিত হচ্ছেন এই সেনাসদস্য।

 

নতুন নলকূপ পেয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে সুনীল হালদার বলেন, "অন্যের বাড়ি থেকে মাটির পাত্রে পানি আইনে খাওয়া যে কী কষ্টের, তা ভাষায় বুঝানো যাবে না। সেনা সদস্য শামসুজ্জামান বাপের মতো কাজ করেছে, আমাগো পানির কষ্ট একবারে ঘুচায় দিল।"

 

এ বিষয়ে সেনাসদস্য মোঃ শামসুজ্জামান জানান, "দেশের নিরাপত্তার পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই আমি এই ক্ষুদ্র চেষ্টাটুকু করেছি। একজন অসহায় মানুষের কষ্ট একটু হলেও লাঘব করতে পারাটাই জীবনের বড় তৃপ্তি। আমাদের সমাজে প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে অবহেলিত মানুষের পাশে দাঁড়ায়, তবে অনেক নীরব কষ্টই দূর করা সম্ভব।"

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com