গাইবান্ধায় রাস্তা ভরাটকে কেন্দ্র করে নারীকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম

​গাইবান্ধা প্রতিনিধি:

​গাইবান্ধা পৌরসভার সরকারপাড়ায় চলাচলের রাস্তা ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও অভিযোগ সূত্রে জানা যায়, সরকারপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ জেরিন আক্তার রুপি (৩৮) জানান, বর্ষাকালে কাদাযুক্ত হয়ে পড়া চলাচলের রাস্তা সংস্কারের উদ্দেশ্যে এলাকাবাসী মিলে গত ২৮ জুলাই দুপুরে ভ্যানগাড়িতে রাবিশ ফেলে রাস্তা ভরাটের কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী ও ভাগি-শরীক দাবি করা কয়েকজন এসে কাজে অহেতুক বাধা প্রদান করেন।

​অভিযোগে আরও বলা হয়, প্রথমে বাদীর বৃদ্ধ দাদা মোঃ হায়দার আলী (৯৫) বাধার কারণ জানতে চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে লাঞ্ছিত করা হয়। পরে একই দিন বিকেলে পুনরায় রাবিশ ফেলার সময় বাদী জেরিন আক্তার কারণ জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। অভিযুক্তদের এলোপাতাড়ি মারধরে তিনি গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন।

​পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ছাড়া অভিযুক্তরা প্রকাশ্যেই বাদীর স্বামীর চাকরি নষ্ট করা, পরিবারের সদস্যদের একা পেলে খুন-জখম করা এবং রাস্তায় চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বলেন, "আমাদের চলাচলের সুবিধার জন্যই সবাই মিলে রাস্তায় রাবিশ ফেলছিলাম। কিন্তু অন্যায্যভাবে তারা আমার বৃদ্ধ দাদুকে লাঞ্ছিত করেছে এবং আমাকে পিটিয়ে আহত করেছে। আমরা এখন পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"

​এ ঘটনায় অভিযুক্ত ১। মোঃ মোকছেদুল ইসলাম (৪৫), ২। মোঃ জাহিদুল ইসলাম আজাদ (৬৫), ৩। মোছাঃ জান্নাতুল ফেরদৌস জান্নাতি (২৬) এবং ৪। মোছাঃ মিনা বেগম (৫৫)-এর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com