নেদারল্যান্ডস থেকে এসে আটোয়ারীতে প্রতিবন্ধী মানুষের জন্য ভবন নির্মাণে ২৯ স্বেচ্ছাসেবী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড়, ৩০ জুলাই ২০২৬: মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুদূর নেদারল্যান্ডস থেকে আসা ২৯ জনের একদল স্বেচ্ছাসেবী। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় 'আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থা'-এর স্থায়ী কার্যালয় নির্মাণে তারা স্থানীয়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।
পেশায় তারা শিক্ষক, ব্যাংকার, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ। নিজ নিজ কর্মব্যস্ততা ছেড়ে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে ইট, বালু ও সিমেন্টের কাজ করছেন তারা। স্থানীয় নির্মাণশ্রমিকদের সঙ্গে একসঙ্গে কাজ করে ভবন নির্মাণে অংশ নেওয়ায় এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন এই বিদেশি স্বেচ্ছাসেবীরা।
সংস্থার সভাপতি জফর আলী জানান, ভবনটির নির্মাণকাজ শেষ হলে কুষ্ঠমুক্ত ও প্রতিবন্ধী মানুষের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। এতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি স্থায়ী সেবাকেন্দ্র গড়ে উঠবে।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, বিদেশি স্বেচ্ছাসেবীদের এমন মানবিক উদ্যোগ আন্তর্জাতিক বন্ধুত্ব ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ। এ ধরনের উদ্যোগ সমাজে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে।
দেশ-বিদেশের মানুষের সম্মিলিত এই মানবিক উদ্যোগ আটোয়ারীতে মানবসেবার এক অনন্য নজির হয়ে থাকবে।