সোনারগাঁয়ে জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের খোঁজ নিলেন এমপি পুত্র সজিব
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের দুর্ভোগ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের সুযোগ্য সন্তান খায়রুল ইসলাম সজিব।
বুধবার (২৯ জুলাই) বিকেলে তিনি সরেজমিনে পানিবন্দী এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি প্রায় ৫০টি পানিবন্দী পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
এলাকাবাসীর দুর্ভোগ দেখে খায়রুল ইসলাম সজিব বলেন, “আপনাদের এই কষ্ট দেখে আমার বুক ফেটে কান্না আসে। আপনারা কষ্টে থাকলে আমারও শান্তিতে থাকার কোনো অধিকার নেই। আমি আপনাদের সন্তান ও ভাই হিসেবে আশ্বাস দিচ্ছি, এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানে যা যা করণীয়, তা দ্রুত বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের চোখের পানি মোছাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে এলাকাবাসী স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা, জামপুর ইউনিয়ন যুবদল নেতা মিন্টু, সোলমান ও কাউসারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।