কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

 তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী):

কলাপাড়া পৌরসভা এবং এর আওতাধীন সকল স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে শতভাগ রুফটপ সৌরবিদ্যুতের আওতায় এনে কলাপাড়াকে একটি "পরিচ্ছন্ন জ্বালানির শহর" হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) কলাপাড়া পৌরসভা চত্বরে পরিবেশবাদী সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

কর্মসূচি শেষে কলাপাড়া পৌর প্রশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী।মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি। এ সময় আরও বক্তব্য দেন সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সদস্য মেজবাহউদ্দিন মাননু, নুরুল হক, নাজমুস সাকিব, এসএসডিপির নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান এবং প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এখন সময়ের দাবি।

কলাপাড়া পৌরসভার আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, বিভিন্ন সরকারি ভবনের ছাদ এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে একদিকে পরিচ্ছন্ন বিদ্যুতের উৎপাদন বাড়বে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির মাধ্যমে পৌরসভার নতুন আয়ের উৎস তৈরি হবে।তারা আরও বলেন, পৌরসভার প্রশাসনিক ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক মডেল গড়ে তুলতে পারবে।

ফলে স্থানীয় সরকার শুধু সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবেই নয়, পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক ও উদ্যোক্তা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।বক্তাদের মতে, দেশের বিদ্যমান নেট মিটারিং সুবিধাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়ন আরও সহজ হবে।

মানববন্ধন থেকে দ্রুত একটি সমন্বিত "পৌরসভা সোলার কর্মপরিকল্পনা" প্রণয়ন, কলাপাড়া পৌরসভার সকল উপযুক্ত সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং কলাপাড়াকে দেশের প্রথম সারির পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর পৌরসভাগুলোর একটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো ব্যয় নয়; বরং এটি ভবিষ্যতের জন্য লাভজনক, পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগ। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর ত্বরান্বিত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগও সৃষ্টি হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com