রংপুর মেডিকেলে বাড়ছে আইসিইউ, বসছে সিসিটিভি: ত্রাণমন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগামী দুই মাসের মধ্যে আরও ১০টি আইসিইউ শয্যা যুক্ত করা হবে। একই সঙ্গে হাসপাতালজুড়ে এক মাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং এক সপ্তাহের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন আলোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অবহেলা ছিল। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনবল সংকট নিরসনে কাজ করছে। অনেক হাসপাতালে অবকাঠামো থাকলেও জনবল না থাকায় সেবা ব্যাহত হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, রংপুর মেডিকেলে রোগীর স্বজনদের থাকার ব্যবস্থা, অ্যানেস্থেশিয়ার সংকট নিরসন এবং অপারেশনের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা দূর, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও হাসপাতালের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জনবল সংকট মোকাবিলায় স্থানীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আরও ৫০ জন আউটসোর্সিং কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এ ছাড়া কর্মচারীদের জন্য নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে এবং দালালচক্রের দৌরাত্ম্য কমাতে ব্যবস্থা নেওয়া হবে।
লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে হাসপাতালভিত্তিক তালিকাভুক্তি, নির্ধারিত ভাড়া এবং চালানের মাধ্যমে অর্থ পরিশোধের ব্যবস্থা চালুর কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, নির্মাণাধীন ৪৬০ শয্যার ক্যানসার, কিডনি ও হৃদরোগ বিশেষায়িত ভবনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনটি চালু হলে উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে।
হাসপাতাল পরিদর্শন শেষে বিকেলে রংপুর নগরীর কুকরুল এলাকায় জিয়া খাল পরিদর্শনকালে আসাদুল হাবিব দুলু বলেন, খাল খননে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে খালের দুই পাশের গাছের পরিচর্যার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জিয়া খাল পুনঃখনন করে এটিকে নগরবাসীর চলাচল ও বিনোদনের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
পরিদর্শন ও আলোচনা সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কয়রার বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচি
পারিবারিক বিরোধ, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
বিএনপির নাম ভাঙিয়ে অফিস খুলে সালিশের নামে চাঁদাবাজি করলে তাদের পুলিশে দেওয়া হবে: রাশেদ খান