প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওতে ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণী এলিন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়, ৩১ জুলাই ২০২৬: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে নিজের ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার ও মানহানির অভিযোগ তুলেছেন পঞ্চগড়ের তরুণী রাহেমীন মারিয়া এলিন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে এলিন জানান, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী। পারিবারিক পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মারিয়া সরকার’ নামে পরিচিত হলেও তিনি মুসলিম এবং পঞ্চগড়ের স্থায়ী বাসিন্দা।

তিনি বলেন, কয়েক মাস আগে একটি সামাজিক সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনার সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে একটি রেস্টুরেন্টে স্মারক হিসেবে ছবি তুলেছিলেন। সম্প্রতি প্রতিমন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওর সঙ্গে সেই পুরোনো ছবিটি যুক্ত করে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে এলিন দাবি করেন, ভাইরাল ভিডিওতে থাকা নারী তিনি নন। এরপরও তার ছবি ব্যবহার করে ভিন্ন পরিচয় তুলে ধরা হচ্ছে, যা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও জানান, উপস্থাপনার কাজের কারণে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিত্বের সঙ্গে তার পরিচয় ও ছবি রয়েছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। কয়েকদিন আগে ব্যক্তিগতভাবে একটি পুরোনো ছবি ফেসবুকে প্রকাশ করলেও পরে ভুল ব্যাখ্যার আশঙ্কায় সেটি মুছে ফেলেন। তার অভিযোগ, সেই ছবিটি সংরক্ষণ করে পরবর্তীতে অপপ্রচারে ব্যবহার করা হয়েছে।

এলিন বলেন, পরিকল্পিতভাবে তাকে হিন্দু তরুণী হিসেবে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এতে তার সম্মানহানি হয়েছে এবং তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি জানান, তার বাবা-মা দুজনই মারা গেছেন এবং অনেক কষ্ট করে পড়াশোনা ও নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন।

ভাইরাল ভিডিও সম্পর্কে তিনি বলেন, ভিডিওটির সত্যতা নিয়ে তার সন্দেহ রয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি হতে পারে অথবা অন্য কোনো ঘটনার ভিডিওও হতে পারে বলে তিনি ধারণা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার সম্মানহানির সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান রাহেমীন মারিয়া এলিন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com