শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক ঘটনার অভিযোগ: কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম

তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী):

শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. জলিলুর রহমানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস নোটে, এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

জানা গেছে, গত ২৬ জুলাই অভিযুক্ত কর্মচারীকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি সামনে আসার পর ২৭ জুলাই বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মো. মাঈনুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

তদন্ত শেষে কমিটি অভিযোগের বিষয়ে তাদের মতামত ও প্রতিবেদন ম্যানেজিং কমিটির কাছে দাখিল করে। সেই প্রতিবেদনের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) স্বাক্ষরিত আদেশে মো. জলিলুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

 

বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী (অফিস সহকারী) মো. জলিলুর রহমানের বিরুদ্ধে অশ্লীল, অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ এবং সংশ্লিষ্ট ছবি ও ভিডিও ২৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমাজের শালীনতা, নৈতিকতা ও রুচিবোধে নেতিবাচক প্রভাব পড়ে এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ কারণে বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, “অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

 

এদিকে ঘটনাটি নিয়ে কুয়াকাটায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সমাজকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে, সম্ভাব্য ভুক্তভোগীর মর্যাদা ও গোপনীয়তা বিবেচনায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তাদের মতে, এ ধরনের ভিডিও প্রচার করা অনৈতিক এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের, বিশেষ করে সম্ভাব্য ভুক্তভোগীর, আরও ক্ষতির আশঙ্কা থাকে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com