ফুল
শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে দৃষ্টিনন্দন ফুলের বাগান
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচের অব্যবহৃত স্থানকে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তুলতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে একটি ফুলের বাগান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উড়াল সেতুর নিচে বাগানটির তত্ত্বাবধানে দায়িত্বে রয়েছেন হাসান মিয়া তিনি সর্বক্ষণ বাগানের পরিচর্যার কাজে থাকেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানটিতে বিভিন্ন প্রজাতির মৌসুমি ফুল ও শোভাবর্ধনকারী গাছ রোপণ করা হয়েছে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্থানটি এখন সবুজে ঘেরা একটি আকর্ষণীয় পরিবেশে পরিণত হয়েছে। এতে একদিকে যেমন এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ধুলাবালি ও ময়লা-আবর্জনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখছে। স্থানীয় বাসিন্দারা আবেদ আলী জানান, আগে উড়াল সেতুর নিচের স্থানটি অব্যবহৃত ও অপরিচ্ছন্ন ছিল। বর্তমানে ফুলের বাগান তৈরির ফলে এলাকাটির সৌন্দর্য অনেক বেড়েছে এবং পথচারীদের কাছেও এটি প্রশংসিত হচ্ছে। মাওনা চৌরাস্তার ব্যবসায়ী খাইরুল আলম জানান, দীর্ঘদিন ধরে উড়াল সেতুর নিচে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল, প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এখন উড়াল সেতুর নিচে ফুল ফলের বাগানে পরিণত হয়েছে পরিবেশটাও ভালো হয়েছে নাই কোন দুর্গন্ধ, সেতুর পাশে মহাসড়ক দিয়ে মানুষ স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারছে কোন দুর্গন্ধ নেই। বাস চালক জালাল মিয়া জানান, আমরা দেখছি দেখে আসছি প্রতিদিনই সেতুর নিচে কাঁচামালের ব্যবসায়ীরা সারাদিনের বেচাকেনা শেষে যেসব ময়লা জমে থাকতো এগুলোর সব সেতুর নিচে ফেলে ময়লার ভাগাড়ে পরিণত করেছিল প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এখানে আর ময়লা ফালানো হচ্ছে না যার দরুন পরিবেশটা অনেক ভালো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি বাগানের সৌন্দর্য বজায় রাখতে সবাইকে গাছপালা রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো।