ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

কালীগঞ্জ, ঝিনাইদহ সংবাদদাতা:

গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের নেতৃত্বে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২০জুন) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও কালীগঞ্জ উপজেলা শহরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 

ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কানন কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক যুবলীগ নেতা বিনয় কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সাবেক মেয়র মিন্টুর বিশ্বস্ত সহচর চন্দন বসু মুক্ত, সদস্য সচিব ওয়ার্কাস পার্টির অরুণ কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক ও আলীগ নেতা প্রসেনজিৎ ঘোষ শিপন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধন সরকার, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে একই দাবীতে জেলার কালীগঞ্জ উপজেলা শহরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাবু রবীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রশান্ত কুমার খাঁ, বিল্লব বিঞ্চু, সুরজিৎ কুমার মন্ডল, এনজিও নেতা শিবুপদ বিশ্বাস, পংকজ সাহা ( কালীবাড়ি), অমিত শিকদার, বলরাম দাস, মিঠুন পাল, প্রান্ত বিশ্বাস ও দিবস কুমার পাল।

বক্তারা গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উপাসনালয় নিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com