মানববন্ধন
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত: মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের গেটের মুখে এক বিশাল মানববন্ধনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে পার্কের গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হলরুমে এসে শেষ হয়। র্যালিতে “মাদককে না বলুন” স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরবর্তীতে সরকারি মহিলা কলেজের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা তথ্য অফিসের উচ্চমান কর্মকর্তা মনিরুজ্জামান মনির ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক রাজিবুল ইসলামসহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, যে মাদক অফার করে সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। নেশার ফাঁদে পড়ে মানুষ তার জীবন ও পরিবারসহ সবকিছু হারিয়ে ধ্বংসের মুখে পতিত হয়। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, তাই সমাজকে বাঁচাতে মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা একাই যথেষ্ট নয়। তরুণ সমাজকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা জরুরি। তারা মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার জোরালো আহ্বান জানান। উক্ত মানববন্ধন, র্যালি ও আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঝিনাইদহে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ জেলা রেল লাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত। একইসঙ্গে জেলায় একটি মেডিকেল কলেজ না থাকায় উন্নত চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এ অঞ্চলের মানুষ। জেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে দ্রুত রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সভাপতি এন.এম. শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, শারমীন সুলতানা, আব্দুস সালাম, আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঝিনাইদহে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের নেতৃত্বে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (২০জুন) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও কালীগঞ্জ উপজেলা শহরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কানন কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক যুবলীগ নেতা বিনয় কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সাবেক মেয়র মিন্টুর বিশ্বস্ত সহচর চন্দন বসু মুক্ত, সদস্য সচিব ওয়ার্কাস পার্টির অরুণ কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক ও আলীগ নেতা প্রসেনজিৎ ঘোষ শিপন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধন সরকার, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে একই দাবীতে জেলার কালীগঞ্জ উপজেলা শহরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাবু রবীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রশান্ত কুমার খাঁ, বিল্লব বিঞ্চু, সুরজিৎ কুমার মন্ডল, এনজিও নেতা শিবুপদ বিশ্বাস, পংকজ সাহা ( কালীবাড়ি), অমিত শিকদার, বলরাম দাস, মিঠুন পাল, প্রান্ত বিশ্বাস ও দিবস কুমার পাল। বক্তারা গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উপাসনালয় নিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।