তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:১৪ এএম
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ। ২০২৪ সালের এই দিনে দেড় দশকের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থান। শিক্ষার্থী-শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত সেই বিজয় গোটা দেশের মতো স্মরণ করেছে
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সবাপতি ইমরুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের তাড়াইল উপজেলা সভাপতি আবদুল কাইয়ুম মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি আতিকুর রহমান অপু, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি শতকত হোসেন বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা আহ্বায়ক সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ (অব.) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ, সাহস ও ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা