গঙ্গাচড়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে প্রতীকী গায়েবানা জানাজার ঘোষণা, আপাতত স্থগিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

শফিকুজ্জামান সোহেল, ‎রংপুর প্রতিনিধি:

‎পূর্বঘোষিত প্রতীকী গায়েবানা জানাজার কর্মসূচি স্থগিত রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। রোববার দুপুরে উপজেলার জিরো পয়েন্টে ‘গঙ্গাচড়া উপজেলার সচেতন ছাত্রজনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

‎মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গঙ্গাচড়া উপজেলা সংগঠক মোহাইমিনুল ইসলাম আহাদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা মমিনুল ইসলাম বাবু, বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা, জাতীয় ছাত্রশক্তির উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, ছাত্র প্রতিনিধি মিসবাহ-উল ইসলাম ফাহিম, মুহাইমিনুল ইসলাম আহাদ ও ছাত্রনেতা শাহজালাল শ্রাবণ।

‎বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি রাতের ঘুমও অনিশ্চিত হয়ে পড়েছে। তারা বলেন, বিদ্যুৎ এখন মানুষের মৌলিক চাহিদার অংশ হলেও গঙ্গাচড়ার মানুষ নিয়মিত এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

‎সমাবেশে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে পূর্বঘোষিত প্রতীকী গায়েবানা জানাজাসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। এ কারণে আপাতত গায়েবানা জানাজার কর্মসূচি স্থগিত রেখে কর্তৃপক্ষের পদক্ষেপ পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com