ভাঙ্গায় দালালমুক্ত সেবা ও উন্নয়ন কার্যক্রমে জোর, বিভিন্ন উদ্যোগ ইউএনওর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম
মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক সেবার স্বচ্ছতা, দালালমুক্ত সরকারি সেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলা প্রশাসনের দাবি, এসব উদ্যোগের ফলে সরকারি সেবা আরও সহজ ও জনবান্ধব হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুলের সার্বিক দিকনির্দেশনায় ভাঙ্গাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
ইউএনও মাহমুদুল হাসান উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের মাধ্যমে নয়, সরাসরি সরকারি সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, কৃষি বিভাগে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা, সার ও বীজ বিতরণ কার্যক্রম তদারকি করা হচ্ছে। সমাজসেবা ও মহিলা বিষয়ক দপ্তরের মাধ্যমে বয়স্ক, বিধবা ও অন্যান্য ভাতাভোগীদের সুবিধা যথাযথভাবে পৌঁছে দিতে নজরদারি বাড়ানো হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উন্নয়ন প্রকল্প এবং ত্রাণ বিতরণেও স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া নির্বাচন অফিস, ভূমি অফিস ও অন্যান্য সেবামূলক দপ্তরে সেবা সহজীকরণ, ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ এবং হয়রানি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
শিক্ষা খাতে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে।
সমাজে বাল্যবিয়ে, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা প্রশাসন নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করছে। পাশাপাশি ভূমি সেবায় ডিজিটাল ব্যবস্থা চালু ও সেবার স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, “সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমানোই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সরকারি সেবা গ্রহণে আগের তুলনায় কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। তবে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আরও পড়ুন
সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে
বাগেরহাটর প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১