আলফাডাঙ্গায় গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, হ/ত্যার অভিযোগ পরিবারের; তদন্তে পুলিশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম
মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সুমাইয়া নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার দিন সুমাইয়াকে তার স্বামী ঘরের ভেতরে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে ঘরের বাইরে তালা লাগিয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যান। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
নিহতের মা ডলি বেগম বলেন, “আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
নিহতের বোনেরাও একই অভিযোগ তুলে বলেন, সুমাইয়ার মৃত্যু স্বাভাবিক নয় এবং তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে
বাগেরহাটর প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১