চুনারুঘাটে ঝুঁকিপূর্ণ টিনশেড ঘরে চলছে শ্রীবাউর সরকারি বালকা প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, আতঙ্কে অভিভাবকরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক,(হবিগঞ্জ):
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীবাউর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে একটি জরাজীর্ণ টিনশেড ঘরে চরম আতঙ্কের মধ্যে শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করা হচ্ছে।
যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মূল ভবনটি ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বাধ্য হয়েই বিকল্প হিসেবে এই অস্থায়ী টিনশেড ঘরে ক্লাস নিতে হচ্ছে।

তবে জরাজীর্ণ এই টিনশেড ঘরের অবস্থাও অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়ে বই-খাতা ভিজে যায়, আর ঝড়-তুফানের দিনে পুরো ঘরটিই কাঁপতে থাকে। প্রচণ্ড গরমে টিনের তাপে ঘরের ভেতরের পরিবেশ হয়ে ওঠে দুর্বিষহ, যা কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, এমন একটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ পরিবেশে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে তারা সবসময় আতঙ্কে থাকেন।
সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে অনেকেই এখন তাদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। দ্রুত একটি নতুন ও নিরাপদ ভবন নির্মাণ করা না হলে এই অঞ্চলের প্রাথমিক শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত কষ্ট ও ঝুঁকি নিয়ে শিক্ষকরা পাঠদান চালিয়ে যাচ্ছেন। ভবন সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।
কোমলমতি শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অতি দ্রুত এখানে একটি বহুতল বা মানসম্মত নতুন স্কুল ভবন নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।