চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৭ এএম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর অন্তর্বাস থেকে বিশেষ কৌশলে লুকানো ‘গোল্ড পেস্ট’ ও স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৬ লাখ টাকা।
সোমবার (৩ আগস্ট) কাস্টমস গোয়েন্দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পরে সন্ধ্যায় শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ বিভাগ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) একটি টিম বিমানবন্দর এলাকায় অবস্থান নেয়। সিআইআইডির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস হাউসের কর্মকর্তারা যৌথভাবে ওই যাত্রীর গতিবিধি নজরে রাখেন।
আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার (৩৩) । তিনি কুমিল্লা সদর দক্ষিণের দিঘলগাঁও গ্রামের বাসিন্দা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট (দুবাই থেকে আগত। তার কাচে প্রায় ১ হাজার ৫০০ গ্রাম ‘গোল্ড পেস্ট’ এবং প্রায় ১০০ গ্রাম ওজনের ৫টি চুড়িসহ বিভিন্ন স্বর্ণালংকার। অন্যান্য জব্দ সামগ্রী পাসপোর্ট, স্মার্টফোন ও বোর্ডিং পাস।
সোমবার সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করার পর কাস্টমস হলে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মোহাম্মদ তুষারের পরিহিত অন্তর্বাসে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণালংকার ও সোনার পেস্ট জব্দ করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রাথমিকভাবে ২ কোটি ৮৬ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণের সঠিক ওজন ও পরিমাণ নিশ্চিত করতে স্বর্ণকার দিয়ে কাজ করানো হচ্ছে।
আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।