‎সংঘর্ষের পর বেরোবি ক্যাম্পাসে বহিরাগত ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা ‎

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি:

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে বহিরাগত ও সব ধরনের যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিথি, দর্শনার্থী এবং বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। ৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎এর আগে সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com