মাদক ও জোয়ার ব্যাপারে দলের কেউ সুপারিশ করলে, তার বিরুদ্ধেও মামলা দিবেন- এমপি আনোয়ারুল হক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও জোয়ার ব্যাপারে আমার দলের কেউ সুপারিশ করলে, তার বিরুদ্ধেও মামলা দিবেন। নেত্রকোনার বারহাট্টায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সচেতনতামূলক বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বারহাট্টা থানার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে (৩ আগষ্ট) সোমবার বিকালে বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় ও নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
সভাপতির বক্তব্যে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। চোরা-চালান, মাদক, বাল্যবিবাহ, মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।