পঞ্চগড়ে বন্যায় সড়ক ভেঙে বিচ্ছিন্ন কাশেমপুর, দুর্ভোগে হাজারো মানুষ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের কাশেমপুর গ্রামের জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে গেছে। ঘটনার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সড়কটি সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের কয়েক হাজার মানুষ।

 

স্থানীয়রা জানান, সাম্প্রতিক বন্যার পানির প্রবল স্রোতে সড়কের একটি অংশ ধসে যাওয়ার পর ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জেলা সদরে যাতায়াতের জন্য প্রায় তিন কিলোমিটার ঘুরে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুটিই অতিরিক্ত ব্যয় হচ্ছে।

 

সড়কটি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী ও অসুস্থ রোগীরা। জরুরি প্রয়োজনে দ্রুত জেলা সদরে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।

 

এলাকাবাসীর অভিযোগ, সড়কের পাশে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বন্যার পানির চাপে সড়কটির ওই অংশ ভেঙে যায়। দীর্ঘ সময় পার হলেও সংস্কার কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।

 

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, কাশেমপুর গ্রামের মানুষের জেলা সদরে যাতায়াতের জন্য এটিই একমাত্র সড়ক। দ্রুত সংস্কার করা না হলে জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে ভোগান্তি আরও বাড়তে পারে।

 

এ বিষয়ে গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো বরাদ্দ না থাকায় সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com