জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:০৯ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়, ৫ আগস্ট ২০২৬: জুলাই সনদের প্রতিটি অক্ষর ও নির্দেশনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে দেশের অর্জিত পরিবর্তনের সুফল ধরে রাখতে রাজনৈতিক দল ও মতের মানুষের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

 

বুধবার সকালে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা ও অক্ষরের বাস্তবায়ন নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করে কোনো অপশক্তি যাতে পুনরায় সুযোগ নিতে না পারে, সে জন্য সব রাজনৈতিক দল ও মতের মানুষের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। অর্জিত ‘দ্বিতীয় স্বাধীনতার’ সুফল রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

পরে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com