পঞ্চগড়ে আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়, ৫ আগস্ট ২০২৬: পঞ্চগড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ সৃষ্টি এবং রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার আত্মার বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও শালশিড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

 

কর্মসূচির শুরুতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, মানবিক কাজে তরুণদের অংশগ্রহণ এবং রক্তের প্রয়োজন হলে কীভাবে দ্রুত রক্তের ব্যবস্থা করা যায়—এসব বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

 

এ সময় মাদকের ক্ষতিকর প্রভাব নিয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়। পাশাপাশি জরুরি মুহূর্তে রোগীর জন্য রক্তের প্রয়োজনীয়তা ও রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর গুরুত্ব তুলে ধরা হয়।

 

ক্যাম্পেইন শেষে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ ৫০০ জনের বেশি মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে কারও রক্তের প্রয়োজন হলে সংগঠনের পক্ষ থেকে রক্তের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালশিড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইদ্দিস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়নুল আলম।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন আত্মার বন্ধন ফাউন্ডেশনের সভাপতি মো. মতিন ইসলাম, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

 

ক্যাম্পেইনটির আয়োজন করে আত্মার বন্ধন ফাউন্ডেশন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে নিউ জননী ক্লিনিক, বোদা, পঞ্চগড়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com