মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ: গাজীপুর জেলা পরিষদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম

গাজীপুর প্রতিনিধি: 

 

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে উচ্চশিক্ষা পর্যায়ে অধ্যয়নরত জেলার ৩৫ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, কলেজ পর্যায়ের ১২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।

বক্তারা বলেন, আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই জেলা পরিষদের এ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহায়তায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com