মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতে ইসলামীর গণমিছিল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকালে পৌর শহরের প্রধান প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে দলটির নেতাকর্মী ছাড়াও সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতে ইসলামীর গণমিছিলগণমিছিল
বুধবার সকাল ১০টায় মোংলা পৌর শহরের শ্রমিক সংঘ চত্বর থেকে বর্ণাঢ্য গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার দাবি প্রতিধ্বনিত হয়।
এর আগে, সকাল থেকেই মোংলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্ধারিত সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে হাজারো মানুষের উপস্থিতিতে এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমেই দেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। কোনো অবস্থাতেই শহীদের রক্তের সঙ্গে আপস করা হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সাম্যবাদী বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।