জমি বিক্রির কথা বলে দুই প্রবাসী পরিবারের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম

মহিউদ্দিন আহমেদ শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের পূর্ব সোনাব গ্রামের দুই প্রবাসী ভাইয়ের কাছ থেকে জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার ফিরোজ মিয়া ও তাঁর চার ছেলের বিরুদ্ধে। টাকা নেওয়ার প্রায় এক বছর পার হলেও জমি রেজিস্ট্রি করে না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের পূর্ব সোনাব গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম ও তাঁর ছোট ভাই রিমন মিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। শরিফুল প্রায় ১৪ বছর ধরে মালয়েশিয়ায় এবং রিমন প্রায় এক বছর ধরে সৌদি আরবে কর্মরত। তাঁদের মা শেফালি আক্তার জানান, প্রতিবেশী ফিরোজ মিয়া তাঁর ছেলে পারভেজ, ইন্নছ, আলমাছ ও হাসানকে বিদেশে পাঠানোর প্রয়োজনের কথা বলে তাঁদের কাছে ২৮ শতাংশ জমি বিক্রির প্রস্তাব দেন।

 

পরবর্তীতে জমি মাপজোক করে ধাপে ধাপে দুই ভাইয়ের কাছ থেকে মোট ৩০ লাখ টাকা গ্রহণ করা হয়। টাকা পরিশোধের পর শরিফুলদের পরিবার জমির দখল বুঝে পায় এবং প্রায় এক বছর ধরে সেখানে চাষাবাদও করে আসছে। কিন্তু জমি রেজিস্ট্রির সময় এলে ফিরোজ মিয়া বিভিন্ন অজুহাতে তা বিলম্বিত করতে থাকেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

প্রবাসী দুই ভাইয়ের বাবা, শারীরিক প্রতিবন্ধী তাজ উদ্দিন বলেন, সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে জমি রেজিস্ট্রির জন্য চাপ দেওয়া হলে বিক্রির জন্য স্থাপন করা জমির খুঁটিও তুলে নেওয়া হয়। বর্তমানে অভিযুক্তরা জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না, আবার নেওয়া ৩০ লাখ টাকাও ফেরত দিচ্ছেন না। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত ফিরোজ মিয়া ও তাঁর ছেলেদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ফিরোজ মিয়ার ছেলে আলমাছ বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ১৪ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে। জমির নামজারি না থাকায় কিছুটা দেরি হচ্ছে। কত টাকা নেওয়া হয়েছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।

 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com